
বক্ষব্যাধি হাসপাতালের নতুন পরিচালক গোলাম সারওয়ার

রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।
মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়াকে তার অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সকল সুবিধাদি স্থগিত করে এবং অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অথবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া এনআইডিসিএইচের সহযোগী অধ্যাপক ছিলেন। সেইসঙ্গে তিনি দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
